বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদারের বার্তা নিয়ে পাকিস্তান সফর করছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তাঁর সম্মানে বিশেষ নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ।

ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও অংশ নেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেন। সেখানে পৌঁছালে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, সংসদ সদস্য এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনের অংশ হিসেবে পাকিস্তানের পার্লামেন্ট প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার। এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারসহ দুই দেশের প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে বাংলাদেশ ও পাকিস্তানের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

পরে বাংলাদেশের প্রতিনিধিদল পাকিস্তানের জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক সংসদ ভবনের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদলকে বিস্তারিত জানান।

এই সফরকে দুই দেশের সংসদীয় যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।