ভারতের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নয়। দেশটির ‘দুর্বল ও দুর্ভাগ্যজনক পররাষ্ট্রনীতির’ প্রভাব বাংলাদেশের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে পড়ছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপের চেষ্টা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্রনীতির কারণেই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে দেশটির গণমাধ্যমের ভূমিকারও সমালোচনা করেন তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে আন্দালিভ রহমান পার্থ বলেন, তাকে দেশে ফিরতে হলে প্রচলিত আইন ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সরকার আইনি প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনতে চায়। তিনি কীভাবে দেশে ফিরবেন, সেটি তার নিজের সিদ্ধান্তের বিষয়।

আওয়ামী লীগের নেতাদের সীমান্ত পরিদর্শন এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্যের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, তাদের আগে ঠিক করতে হবে, তারা কীভাবে ফিরতে চান।

তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ বিভ্রান্তি ও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে।

ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিষয়ক সংবাদ নিয়েও সমালোচনা করেন মন্ত্রী। তার দাবি, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়কে ঘিরে কোনো ঘটনা ঘটলে সেটিকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য ব্যবহার করা হয়।