প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে বাজারের চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন সক্ষমতা গড়ে তুলেছে বাংলাদেশ। রপ্তানিকারকদের কর ছাড়, নগদ প্রণোদনা এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিভিন্ন সুবিধা দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় কৃত্রিম সুবিধা তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
শ্রমিকদের মজুরি ও অধিকার নিয়েও প্রশ্ন তুলেছে ওয়াশিংটন। মার্কিন প্রতিবেদনের দাবি, এশিয়ার অন্যান্য পোশাক রপ্তানিকারক দেশের তুলনায় বাংলাদেশের শ্রমিকদের মজুরি কম। ইপিজেডগুলোতে স্বাধীন ট্রেড ইউনিয়ন গঠনের সুযোগ এবং শ্রম আইন বাস্তবায়ন নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
আরেকটি বড় অভিযোগ চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক। ইউএসটিআরের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৫ সালের মধ্যে চীন থেকে বাংলাদেশের মধ্যবর্তী পণ্য আমদানি বেড়েছে ৬৮ শতাংশ। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশকে ব্যবহার করে মার্কিন শুল্ক এড়িয়ে পণ্য রপ্তানির সুযোগ নিতে পারে।
এদিকে, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ৭০০ কোটি ডলারে পৌঁছেছে। তৈরি পোশাক ও বস্ত্র খাতেই এর বড় অংশ এসেছে।
ইউএসটিআরের দাবি, তদন্তের সময় বাংলাদেশ ও চীনকে আলোচনার প্রস্তাব দেওয়া হলেও তারা অংশ নেয়নি। সেকশন ৩০১ আইনের আওতায় এখন বাংলাদেশের পণ্যে বাড়তি শুল্ক আরোপ কিংবা বাণিজ্য সুবিধা স্থগিতের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।
তবে প্রস্তাবিত শুল্ক চূড়ান্তভাবে কার্যকর হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত বাকি। এই সিদ্ধান্ত বাংলাদেশের তৈরি পোশাকসহ রপ্তানি খাতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

মন্তব্য করুন