সম্প্রতি এক সাক্ষাৎকারে ১৯৮৯ সালে মুক্তি পাওয়া ‘গৈর কানুনি’ সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করেন লরেন্স। ওই সিনেমায় চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সময় মিঠুন ও শ্রীদেবীর ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন তিনি।
লরেন্সের ভাষ্য, শ্রীদেবীর শুটিং চলাকালে প্রায়ই সেটে হাজির হতেন মিঠুন। কখনো শুটিংয়ের সময়, আবার কখনো কাজ শেষ হওয়ার অপেক্ষায় অভিনেত্রীর মেকআপ রুমে বসে থাকতেন তিনি।
শুধু তা-ই নয়, শুটিংয়ের সময় মিঠুন বারবার ফোন করতেন শ্রীদেবীকে। ফোন এলেই কাজের জায়গা থেকে সরে গিয়ে কথা বলতেন অভিনেত্রী। কথা শেষ করে আবার ফিরে যেতেন শুটিংয়ে।
লরেন্স বলেন, বলিউডের অনেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। তখন মিঠুন যোগিতা বালীর সঙ্গে বিবাহিত ছিলেন। তবে শুটিং সেটে তিনি যা দেখেছেন, সেটুকুই তুলে ধরছেন।
শ্রীদেবীর ব্যক্তিত্ব নিয়েও স্মৃতিচারণ করেন এই পরিচালক। তার মতে, অভিনেত্রী ছিলেন শান্ত ও কিছুটা অন্তর্মুখী। শুটিংয়ের ফাঁকে অন্যদের সঙ্গে বেশি মিশতেন না। নিজের মতো একা থাকতে পছন্দ করতেন। কাজের প্রতিও ছিলেন অত্যন্ত মনোযোগী।
উল্লেখ্য, ‘জাগ উঠা ইনসান’, ‘ওয়াক্ত কি আওয়াজ’ ও ‘গুরু’র মতো একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন মিঠুন ও শ্রীদেবী। তাদের পর্দার রসায়ন দর্শকদের মুগ্ধ করলেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে দীর্ঘদিন নানা গুঞ্জন ছিল।
পরে ১৯৯৬ সালে প্রযোজক বনি কাপুরকে বিয়ে করেন শ্রীদেবী। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুবাইয়ে মারা যান এই অভিনেত্রী।

মন্তব্য করুন