ড্রোন হামলা মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নতুন প্রযুক্তির ড্রোনবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ‘ভার্গবাস্ত্র’র সফল উন্নয়নমূলক পরীক্ষা চালিয়েছে ভারত। দেশটির রাজস্থান রাজ্যের পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কয়েক দফায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষায় সফল হওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ভারতের এসডিএল কর্মকর্তাদের তথ্যমতে, ‘ভার্গবাস্ত্র’ প্রায় আড়াই কিলোমিটার দূর থেকে সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করতে সক্ষম। একই সঙ্গে ছোট আকারের ড্রোন শনাক্ত করে সেগুলো ধ্বংস করার সক্ষমতাও রয়েছে এই ব্যবস্থার।
কর্মকর্তারা জানান, ভার্গবাস্ত্র একটি ভ্রাম্যমাণ ও বহুস্তরবিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা। এটি শত্রুপক্ষের ড্রোন, অস্ত্রসজ্জিত চালকবিহীন আকাশযান (ইউএভি), লোইটারিং মিউনিশন এবং একযোগে আক্রমণকারী ড্রোনের ঝাঁক মোকাবিলা করতে পারবে। আকাশপথে আসা বিভিন্ন হুমকি প্রতিহত করতে এতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আনগাইডেড রকেট এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম মাইক্রো-মিসাইল ব্যবহার করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে পশ্চিম এশিয়ার বিভিন্ন সংঘাতে ড্রোন হামলার ব্যাপক ব্যবহার দেখা গেছে। গত বছর ভারত-পাকিস্তান সংঘাতেও ড্রোন ব্যবহারের ঘটনা সামনে আসে। ওই সময় পাকিস্তানের দিক থেকে আসা বেশির ভাগ ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছিল ভারতীয় বাহিনী।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের ড্রোন প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে দিল্লি। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই তৈরি করা হয়েছে ভার্গবাস্ত্র।
সংশ্লিষ্টদের মতে, নতুন এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির আকাশসীমায় ছোট ও স্বয়ংক্রিয় ড্রোনের হুমকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


মন্তব্য করুন