পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে একটি নির্মাণাধীন ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো কমপক্ষে ১৩ জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপ থেকে আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ঘটনাস্থলে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভবনটি ধসে পড়ার পরপরই উদ্ধারকাজ শুরু করে জরুরি সেবা বিভাগের কর্মীরা।

উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে ভবনের অবশিষ্ট কাঠামো আরও ধসে পড়ার আশঙ্কা এবং ভারী যন্ত্রপাতি ব্যবহারে আটকে পড়া ব্যক্তিদের ক্ষতির সম্ভাবনা থাকায় সতর্কতার সঙ্গে হাতে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের বিভিন্ন স্থানে ছোট ছোট ফাঁক তৈরি করে ভেতরে পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের আশঙ্কা, ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ভবনের অবশিষ্ট অংশ ভেঙে পড়তে পারে এবং উদ্ধারকাজ আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ইতোমধ্যে মামলা করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মোট ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে এবং তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে ঘটনাস্থলে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন অনেক মানুষ। একটি তথ্যকেন্দ্রে স্বজনদের ছবি ও পরিচয় দেখিয়ে নিখোঁজদের সন্ধান করছেন তারা।

পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, নিম্নমানের নির্মাণসামগ্রী, নিরাপত্তাবিধি না মানা, অননুমোদিত সম্প্রসারণ এবং নির্মাণ আইন যথাযথভাবে কার্যকর না হওয়া এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জন নিহত হন। গত বছরের জুলাইয়ে লিয়ারি এলাকায় পাঁচতলা ভবন ধসে প্রাণ হারান ২৭ জন।