যুক্তরাষ্ট্রের সেনাদের কাছ থেকে নিজেদের দুটি তেলবাহী ট্যাংকার জাহাজ উদ্ধারের দাবি করেছে ইরানের নৌবাহিনী। শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির নৌবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ।

ইরানি নৌবাহিনীর কর্মকর্তা সিরাম ইরানি জানান, যুক্তরাষ্ট্রের সেনারা আগে ইরানের দুটি ট্যাংকার জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল। পরে জাহাজ দুটির ক্রুরা ঘুমিয়ে থাকার সুযোগে ইরানি সেনারা সেগুলোতে অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে সক্ষম হন।

তবে ঠিক কোন দুটি ট্যাংকার উদ্ধার করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাহাজ দুটি আটকের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। এ বিষয়ে মার্কিন কর্মকর্তারা এখন পর্যন্ত মন্তব্য করেননি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের দাবির স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ঠিক কোন ট্যাংকারগুলো নিয়ন্ত্রণে নিয়েছিল, সে বিষয়েও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংঘাত ছড়িয়ে পড়ে। এর জেরে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। অন্যদিকে জুন থেকে ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে। গত পাঁচ দিনে ৪০টির বেশি জাহাজকে লক্ষ্যবস্তু করার দাবি উঠেছে।

এদিকে দীর্ঘদিনের সংঘাত আপাতত থমকে থাকলেও মার্কিন নৌ-অবরোধের কারণে চাপে রয়েছে ইরানের অর্থনীতি। এমন পরিস্থিতিতে অবরোধ মোকাবিলা এবং নিজেদের নৌ-বাণিজ্যিক স্বার্থ রক্ষায় তৎপরতা বাড়াচ্ছে তেহরান।