বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনো দিন ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। কোনো অপশক্তিকে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জামিয়া ইসলামিয়া হালীমিয়া মধুপুর মাদরাসায় তিন দিনব্যাপী বার্ষিক ইসলাহী সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, বিদেশের মাটি থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে দেশে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, এটি তাদের অতীত ইতিহাস। তবে দেশের মানুষ তাদের সেই চেষ্টা সফল হতে দেবে না।
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী ও পরাধীনতার পক্ষে থাকা কোনো পতিত শক্তি রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে দেশের নাগরিকেরা ঐক্যবদ্ধভাবে তার বিরোধিতা করবে।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের আলাদা আদর্শ ও মতপার্থক্য থাকবে। তর্ক-বিতর্কও হবে। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, তা আবারও সুদৃঢ় করতে হবে।
সেই ঐক্যকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুরী ও স্থানীয় সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ আয়োজনে কয়েক হাজার ওলামায়ে কেরাম অংশ নেন। শুক্রবার ছিল আয়োজনের দ্বিতীয় দিন।


মন্তব্য করুন