বাংলাদেশের রপ্তানি আয়ের গুরুত্বপূর্ণ তিন খাত তৈরি পোশাক, জুতা এবং হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল নতুন মার্কিন শুল্কের কারণে চাপের মুখে পড়তে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর (ইউএসটিআর) বাংলাদেশের পণ্য রপ্তানিতে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দেওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে।

ইউএসটিআরের প্রস্তাব অনুযায়ী, আলোচনা ও প্রতিশ্রুতিতে সন্তোষজনক অগ্রগতি না হলে শুল্কের হার ২০ শতাংশ পর্যন্ত হতে পারে। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড় শুল্কের হার ২৫ শতাংশ। নতুন প্রস্তাব কার্যকর হলে তা বেড়ে প্রায় ৩৩ শতাংশে দাঁড়াতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মোট ৪ হাজার ৩৮০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৯০৫ কোটি ডলারের পণ্য, যা মোট রপ্তানি আয়ের প্রায় ২০ শতাংশ। দেশটিতে বাংলাদেশের রপ্তানির প্রায় ৮৬ শতাংশই তৈরি পোশাক।

পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন, শ্রমিকদের মজুরি ৩৬ থেকে ৪৩ শতাংশ বাড়ায় প্রতি পোশাকে উৎপাদন ব্যয় ১৫ থেকে ২০ সেন্ট বেড়েছে। এ পরিস্থিতিতে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায়ের চেষ্টা চলছে। কিন্তু নতুন শুল্কের অজুহাতে মার্কিন ক্রেতারা দাম বাড়াতে রাজি না-ও হতে পারেন। এতে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা কমতে পারে।

জুতাশিল্পেও একই ধরনের উদ্বেগ রয়েছে। গত অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৩৪ কোটি ডলারের জুতা রপ্তানি করেছে। নতুন শুল্ক কার্যকর হলে বাংলাদেশে উৎপাদিত জুতার ক্রয়াদেশ অন্য দেশে চলে যাওয়ার আশঙ্কা করছেন উদ্যোক্তারা।

অন্যদিকে, হোম টেক্সটাইল ও টেরিটাওয়েল খাতের ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় নতুন শুল্ক বাংলাদেশের অবস্থান দুর্বল করতে পারে। বিশেষ করে কম দামের পণ্যের বাজারে পাকিস্তান সুবিধা পেতে পারে।

এদিকে ৫ জানুয়ারির মধ্যে ইউএসটিআরের প্রস্তাবের বিষয়ে লিখিত মতামত দেওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। ২৫ জানুয়ারি ওয়াশিংটনে শুনানির পর শুল্ক কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা আলোচনায় বাংলাদেশের জোরালো অবস্থান এবং বিদ্যমান বাণিজ্যচুক্তি পর্যালোচনার প্রয়োজনীয়তার কথা বলেছেন।