বাণিজ্য ও বিনিয়োগের নতুন দুয়ার খুলতে একসঙ্গে কাজ করতে যাচ্ছে বাংলাদেশ ও জার্মানি। অর্থনৈতিক সহযোগিতা জোরদার, রপ্তানি সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরিতে দুই দেশ ঐকমত্যে পৌঁছেছে। পাশাপাশি জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা ও দক্ষ জনশক্তি উন্নয়নেও সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর, বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে জার্মানির বার্লিনে দেশটির পার্লামেন্ট বুন্ডেস্টাগের উন্নয়ন কমিটির সদস্য নিকোলাস জিপেলিয়াসের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে জ্বালানি নিরাপত্তা, দক্ষ জনশক্তির অভিবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগের সম্ভাবনাও তুলে ধরা হয়।

বিশেষ গুরুত্ব পায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বাড়ানো, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার বিষয়েও একমত হন তারা।

এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প, সৃজনশীল অর্থনীতি, নারীর ক্ষমতায়ন এবং যুব বিনিময়ের মতো ক্ষেত্রেও সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে রোহিঙ্গা সংকটও গুরুত্ব পায়। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে জার্মানির সহযোগিতা কামনা করেন শামা ওবায়েদ ইসলাম।

পাশাপাশি দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ-জার্মানি পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠনের বিষয়েও আলোচনা হয়।

এ সময় জার্মানির সংসদ সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী। জবাবে আগামী বছর একটি প্রতিনিধিদল নিয়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন নিকোলাস জিপেলিয়াস।

অর্থনীতি, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের নতুন সম্ভাবনা তৈরি করতে দুই দেশের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।