রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক ক্রমেই বিস্তৃত হচ্ছে। জ্বালানি, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, প্রযুক্তি ও মহাকাশ গবেষণাসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে মস্কো ও ইসলামাবাদ। দুই দেশের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্কের কারণে বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি।

সম্প্রতি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া ও পাকিস্তান। গত ২৫ নভেম্বর মস্কোতে দুই দেশের আন্তসরকারি কমিশনের ১১তম বৈঠকে ২০২৬-২০৩০ মেয়াদের অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি স্বাক্ষরিত হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, কৃষি, ওষুধ, পরিবহন, শিক্ষা ও প্রযুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

২০২৪ সালে দুই দেশের বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৮০ কোটি ডলার। নতুন লক্ষ্য অর্জিত হলে তা প্রায় তিন গুণ বাড়বে। পাশাপাশি ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।

জ্বালানি খাতেও সহযোগিতা বাড়াতে চায় দুই দেশ। পাকিস্তানে রাশিয়ার তেল ও গ্যাস সরবরাহ, এলএনজি ও এলপিজি বাণিজ্য এবং জলবিদ্যুৎ প্রকল্পে অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া করাচির পাকিস্তান স্টিল মিলস আধুনিকায়নে রুশ প্রতিষ্ঠান মেটপ্রমস্ট্রয়ের অংশগ্রহণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

মহাকাশ প্রযুক্তি সহযোগিতাও দুই দেশের সম্পর্কের নতুন ক্ষেত্র হিসেবে সামনে এসেছে। স্যাটেলাইট যোগাযোগ, নেভিগেশন, পৃথিবী পর্যবেক্ষণ ও মহাকাশ গবেষণায় নিজেদের অভিজ্ঞতা পাকিস্তানের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী রাশিয়া। এ বিষয়ে দুই দেশের মধ্যে কর্মপরিকল্পনা তৈরির কথাও জানিয়েছেন রুশ জ্বালানিমন্ত্রী সের্গেই সিভিলিয়েভ।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত মস্কো সফর করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, বিনিয়োগ, রেল, ব্যাংকিং ও প্রযুক্তি খাতে ১৫ থেকে ১৬টি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ফয়সাল নিয়াজ তিরমিজি।

রাশিয়ার সঙ্গে পাকিস্তানের এই ঘনিষ্ঠতা ভারতের জন্য নতুন কূটনৈতিক বাস্তবতা তৈরি করছে। কারণ, প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তি খাতে মস্কোর সঙ্গে নয়াদিল্লির দীর্ঘদিনের অংশীদারত্ব রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ৬ হাজার ৮৭০ কোটি ডলারে পৌঁছেছিল।

তবে পাকিস্তানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বাড়লেও ভারতের সঙ্গে বিদ্যমান কৌশলগত অংশীদারত্বের গুরুত্ব এখনো কমেনি। বিশ্লেষকদের মতে, মস্কো দুই দেশের সঙ্গেই সম্পর্ক বজায় রেখে কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে।

তবে পাকিস্তানের সঙ্গে সহযোগিতা যদি বাণিজ্য ও জ্বালানির বাইরে সামরিক প্রযুক্তি, স্যাটেলাইট ও নিরাপত্তা খাতে বিস্তৃত হয়, তাহলে ভারতের উদ্বেগ বাড়তে পারে। বিশেষ করে চীনের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার প্রেক্ষাপটে রাশিয়ার নতুন উদ্যোগ নয়াদিল্লির কৌশলগত হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সঙ্গে লেনদেনে ব্যাংকিং ও অর্থ পরিশোধসংক্রান্ত জটিলতা রয়েছে পাকিস্তানের। ফলে দুই দেশের মধ্যে ঘোষিত সহযোগিতা বাস্তবে কতটা সম্প্রসারিত হয়, তা নির্ভর করবে আসন্ন শীর্ষ বৈঠক এবং চুক্তিগুলোর বাস্তবায়নের ওপর।