যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মার্কিন সেনা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক ব্যবহার করেছে ইরান। এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে।

রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গত মার্চের শুরুতে ইরানি বাহিনী মার্কিন সেনা ও অবকাঠামোতে হামলা পরিচালনার ক্ষেত্রে স্টারলিংকের ইন্টারনেট সংযোগ ব্যবহার করে। উল্লেখ্য, ইরানে স্টারলিংক সেবা পরিচালনা নিষিদ্ধ। তবে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও দেশটিতে গোপনে স্টারলিংকের বিভিন্ন ডিভাইস স্থাপন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনটির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের এই ব্যবহারের বিষয়টি জানতে পেরে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক ক্ষুব্ধ হন। দুটি সূত্রের তথ্য অনুযায়ী, বিষয়টি জানার পর তিনি তার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এদিকে, মাস্ককে তার দলের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন সামরিক বাহিনীর সদস্যরাও স্টারলিংকের সামরিক সংস্করণ স্টারশিল্ডের নির্ধারিত ব্যবহারের বাইরে গিয়ে সেটি ব্যবহার করছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনারা মূলত স্থল অভিযানের যোগাযোগব্যবস্থা হিসেবে ব্যবহারের জন্য স্টারশিল্ডের তুলনামূলক কম দামের প্যাকেজ কিনেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে সেই সংযোগ একমুখী বা ওয়ান-ওয়ে ড্রোন পরিচালনার কাজে ব্যবহার করা হয়। অথচ ড্রোন পরিচালনার উপযোগী ইন্টারনেট সেবার জন্য স্পেসএক্স তুলনামূলক বেশি মূল্য নির্ধারণ করে থাকে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে স্টারলিংকের ব্যবহার নিয়ে এর আগেও একাধিকবার সমালোচনার মুখে পড়েছে স্পেসএক্স। সামরিক সংঘাতে বেসরকারি স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার এবং এর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।