রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হয়েছে হাইপারসনিক জিরকন ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম নতুন পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ইয়াসেন-এম শ্রেণির এই সাবমেরিনটি দেশটির প্রথম পারমাণবিক ডুবোজাহাজ, যাতে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সংযোজন করা হয়েছে। নতুন এই সংযোজন রাশিয়ার নৌ সামরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার অংশ।

অনুষ্ঠানে পুতিন বলেন, বিশ্বের খুব কম দেশই এ ধরনের উন্নত ও শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণের সক্ষমতা রাখে। এসব ডুবোজাহাজের পাল্লা ও কৌশলগত গুরুত্ব আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত।

তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে নতুন করে পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। এগুলো পার্মের মতো একই প্রযুক্তিতে তৈরি করা হবে।

পুতিনের দাবি, নতুন সাবমেরিনগুলো বিশ্বের বিভিন্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে পারবে এবং বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হবে।

সামরিক বিশ্লেষণে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনকে রাশিয়ার কৌশলগত প্রতিরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অবস্থান করতে পারার কারণে এসব ডুবোজাহাজ সম্ভাব্য হামলার পরও পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতে পারে।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার করেন। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নতুন সামরিক সরঞ্জাম ও শক্তিশালী নৌবহর গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।