ফিলিস্তিনের স্বাধীনতা প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের অবস্থান আবারও স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ অবস্থান তুলে ধরেন।

বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি মানবিক সহায়তা প্রবেশে বাধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এতে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ফিলিস্তিনের ওপর দখলদারত্বের অবসান এবং জাতিসংঘের পূর্ণ সদস্যপদ নিশ্চিত করার আহ্বান জানান।

গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার মতে, এই মিশনের দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন।

সবশেষে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ঐক্যবদ্ধ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ যেন নিজেদের স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচার নিয়ে বসবাস করতে পারেন, তা নিশ্চিত করতে হবে।