১৪০ পর্বে শেষ হয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। এবারের সিজনে দেখা যায়নি অভিনেত্রী পারসা ইভানাকে। তবে পর্দায় অনুপস্থিত থাকলেও ‘ইভা’ চরিত্রের মাধ্যমে এখনো দর্শকের ভালোবাসা পাচ্ছেন তিনি। পুরোনো দিনের স্মৃতি আর দর্শকের ভালোবাসায় আবেগাপ্লুত এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন পারসা ইভানা। সেখানে তিনি লিখেছেন, এখনো যেন এক ঘোরের মধ্যে রয়েছেন, বুকটা ভার হয়ে আছে। ২০২১ সাল তার অভিনয়জীবন বদলে দিয়েছিল। গত দেড় বছর পর্দায় না থাকলেও মন পড়ে ছিল সেই ছাদ, সেই বাসার দরজা আর ২০২১ থেকে ২০২৩ সালের স্মৃতিতে।
ইভানা আরও লেখেন, জীবনে হয়তো অনেক কাজ করবেন, অনেক গল্পের অংশ হবেন। কিন্তু সেই সময়টায় আর কখনো ফিরে যাওয়া সম্ভব হবে না। কাবিলার মুখে ‘আঁর ইভা’ ডাকটি আর কখনো শুনতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন তিনি।
দর্শকের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী বলেন, তাকে এভাবে মনে রাখার জন্য ভক্তদের ধন্যবাদ। তার মতে, কাউকে ভালোবাসার জন্য সব সময় তার উপস্থিতি জরুরি নয়। কখনো কখনো অনুপস্থিতিতেও মানুষ আগের মতোই হৃদয়ে জায়গা ধরে রাখে।
উল্লেখ্য, ২০১৭ সালে যাত্রা শুরু করে কাজল আরেফিন অমির নির্মিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’। দীর্ঘদিন ধরে দর্শকের বিনোদনের অন্যতম সঙ্গী হয়ে ওঠে নাটকটি। এর চরিত্র, সংলাপ, হাস্যরস ও আবেগঘন মুহূর্ত দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, মুসাফির সৈয়দ বাচ্চু, মনিরা আক্তার মিঠু ও অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে।

মন্তব্য করুন