সদ্যই জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। গত ২৬ নভেম্বর মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তিনি। ঘরোয়া আয়োজনে বিয়ের পর নবদম্পতির ছবিও প্রকাশ্যে এসেছে। তবে বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ ভিন্ন এক রূপে হাজির হলেন অভিনেত্রী। হাতে ধারালো বটি, চোখেমুখে ক্ষোভ আর মুখে সন্তানকে খুঁজে পাওয়ার মরিয়া আকুতি!
তবে বাস্তব জীবনে নয়, আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর ট্রেলারেই এমন ভয়ংকর অ্যাকশন অবতারে দেখা গেছে মিমিকে। গত শনিবার সন্ধ্যায় প্রকাশিত হয় সিনেমাটির ২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার। সেখানেই নতুন রূপে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।
সিনেমায় মিমির চরিত্রের নাম জয়ী। গল্পে দুষ্কৃতীদের হাতে অপহৃত হয় তার ছোট্ট সন্তান। সন্তানকে উদ্ধার করতে মরিয়া হয়ে ওঠেন তিনি। একপর্যায়ে হাতে বটি নিয়ে শত্রুদের মুখোমুখি হন জয়ী। তার কণ্ঠে শোনা যায়, ‘আমার ছেলে কোথায়?’
ট্রেলারে প্রেমিকা ও মায়ের পরিচয়ের পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা এক সাহসী নারীর চরিত্রেও দেখা গেছে মিমিকে। তার আরেকটি সংলাপ, ‘লড়াই শেষ না, এবার অত্যাচার শেষ হবে’ ইতোমধ্যে দর্শকদের আগ্রহ বাড়িয়েছে।
নিজের গল্পে ‘তাণ্ডব’ নির্মাণ করেছেন অয়ন চক্রবর্তী। সিনেমাটি প্রযোজনা করেছেন রাজ চক্রবর্তী ও তার স্ত্রী শুভশ্রী গাঙ্গুলী। এতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন রজতাভ দত্ত।
এদিকে মিমির বিয়ের বড় আয়োজনের আনুষ্ঠানিকতা হওয়ার কথা আগামী ৫ ডিসেম্বর। তার ঠিক এক দিন আগে, ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘তাণ্ডব’। ফলে ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরুর পাশাপাশি পর্দায়ও নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।

মন্তব্য করুন