নিরাপত্তাজনিত কারণে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গোপালগঞ্জে আয়োজন করা হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুরে। ফলে গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে যেতে হবে অন্য জেলায়।রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জে পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কেন্দ্রগুলো স্থানান্তর করা হয়েছে।

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন মাদারীপুরের রাজৈর উপজেলার নির্ধারিত কেন্দ্রে। কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে।

অন্যদিকে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজের পরীক্ষার্থীদের যেতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে।

এ ছাড়া টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানান্তরিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

এ সিদ্ধান্তের ফলে গোপালগঞ্জের শিক্ষার্থীদের এবার নিজ জেলায় পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে না। পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি এখন তাদের নতুন কেন্দ্রে যাতায়াতের বিষয়টিও বিবেচনায় নিতে হবে।