পানমসলা পণ্যের বিজ্ঞাপন ঘিরে দায়ের করা মামলায় আপাতত স্বস্তি পেয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। তার বিরুদ্ধে রাজস্থানের যোধপুর জেলা ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনে চলমান সব কার্যক্রম স্থগিত করেছেন রাজস্থান হাইকোর্ট।
গত ২৬ নভেম্বর দেওয়া এক আদেশে জেলা ভোক্তা কমিশনে দায়ের করা অভিযোগের পরবর্তী কার্যক্রম স্থগিত করা হয়। সালমান খানের আইনজীবী প্রতিষ্ঠান ডিএসকে লিগ্যালের প্রতিনিধি পরাগ খান্ধার ভারতীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সূত্রপাত পানমসলা কোম্পানির একটি বিজ্ঞাপনকে কেন্দ্র করে। পাঁচ থেকে ১০ রুপির একটি পানমসলার প্যাকেটে প্রতি কেজি প্রায় চার লাখ রুপি দামের জাফরান থাকার দাবি নিয়ে প্রশ্ন তোলেন যোধপুরের এক বাসিন্দা। তার অভিযোগ, এত কম দামের পণ্যে এত মূল্যবান উপাদান থাকার দাবি কতটা বাস্তবসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে।
এ ছাড়া জেলা ভোক্তা কমিশনে সালমান খানের জমা দেওয়া নথিতে থাকা স্বাক্ষরের সত্যতা নিয়েও আপত্তি তোলেন অভিযোগকারী। স্বাক্ষরগুলোর ফরেনসিক পরীক্ষা এবং অভিনেতাকে ব্যক্তিগতভাবে কমিশনে হাজির করার আবেদন জানান তিনি। তবে তার আবেদনগুলো খারিজ করে দেয় জেলা কমিশন।
পরে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য ভোক্তা বিরোধ নিষ্পত্তি কমিশনের সার্কিট বেঞ্চে রিভিশন আবেদন করেন অভিযোগকারী। শুনানিতে সালমান খান ও সংশ্লিষ্ট পানমসলা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে নোটিশ পাঠানো হয়।
এরপর ভোক্তা কমিশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে রাজস্থান হাইকোর্টের দ্বারস্থ হন সালমান খান। তার আবেদনে বলা হয়, সংশ্লিষ্ট পণ্যের সঙ্গে তার সম্পৃক্ততা কেবল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে।
সালমান খানের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট জেলা ভোক্তা কমিশনের কার্যক্রম স্থগিত করেন। ফলে বিজ্ঞাপন ঘিরে আইনি লড়াইয়ে আপাতত স্বস্তি পেলেন এই বলিউড তারকা।

মন্তব্য করুন