অভিনয়জীবনের ১৬ বছর পার করেছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এই দীর্ঘ সময়ে উপহার দিয়েছেন বেশ কয়েকটি সফল সিনেমা। এবার নতুন সিনেমা ‘ইথা’ নিয়ে বড় পর্দায় ফিরছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

‘ইথা’র দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫২ মিনিট ১৪ সেকেন্ড। এর মধ্য দিয়ে শ্রদ্ধার ক্যারিয়ারের সবচেয়ে দীর্ঘ সিনেমা হতে যাচ্ছে এটি। এর আগে তাঁর দীর্ঘতম সিনেমা ছিল ‘সাহো’, যার দৈর্ঘ্য ২ ঘণ্টা ৫১ মিনিট ৫২ সেকেন্ড। অর্থাৎ ‘ইথা’ সেই রেকর্ড ছাড়িয়ে গেছে ২২ সেকেন্ডে।

গত ২৭ নভেম্বর ভারতের চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। ফলে নির্ধারিত সময়েই মুক্তির প্রস্তুতি নিচ্ছে ‘ইথা’।

সিনেমাটিতে শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে মারাঠি তামাশা শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের চরিত্রে। মঞ্চে অসাধারণ জনপ্রিয়তা পাওয়া এই শিল্পীর জীবনের এক বিস্ময়কর ঘটনা তুলে ধরা হয়েছে ছবিতে। কথিত আছে, গর্ভাবস্থায়ও তিনি মঞ্চে নাচতে উঠেছিলেন। পরে প্রসবব্যথা শুরু হলে মঞ্চের পেছনে গিয়ে সন্তান জন্ম দেন। এরপর নবজাতককে রেখে আবারও মঞ্চে ফিরে নাচ শুরু করেন তিনি।

শ্রদ্ধা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশি। ম্যাডক ফিল্মস ও পুতুল ক্রিয়েশনসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন লক্ষ্মণ উটেকর।