সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর অভিনেত্রী মেঘলা মুক্তার অভিনয়ে ফেরা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এমনকি নিজের ক্যারিয়ার নিয়েও শঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। তবে শারীরিক ও মানসিক ধকল কাটিয়ে আবারও কাজে ফিরেছেন এই অভিনেত্রী। ভিকি জাহেদের ওয়েব সিরিজ ‘চক্র’র তৃতীয় সিজনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই অভিনয়ে ফেরার খবর জানিয়েছেন মেঘলা মুক্তা। সেখানে তিনি জানান, এত দ্রুত কাজে ফিরতে পারবেন, তা দুর্ঘটনার পর নিজেও ভাবতে পারেননি।
অভিনেত্রী লেখেন, দুর্ঘটনার পর হাসপাতালে তাকে দেখতে আসা অনেকেই তার অবস্থা দেখে ভয় পেয়েছিলেন। কেউ সাহস জুগিয়েছেন, আবার কেউ মনে করেছিলেন, হয়তো তার অভিনয়জীবন এখানেই শেষ। এমনকি পরিবারের সদস্যদের মধ্যেও তার আগের মতো স্বাভাবিক জীবনে ফেরার বিষয়ে শঙ্কা ছিল।
মেঘলা জানান, দুর্ঘটনার পর একসময় নিজের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তায় ভুগেছেন তিনি। তবে ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলে ঘুরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজেকে নতুন করে তৈরি করে অভিনয়ে ফেরার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি মেঘলা। তার ভাষ্য, সুস্থতার পথে আরও অনেকটা পথ বাকি। তবে এত দ্রুত কাজে ফিরতে পারা তার মানসিক শক্তি ও আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দিয়েছে। এ জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
অভিনয়ে ফেরার এই যাত্রায় পরিচালক ভিকি জাহেদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মেঘলা। দুর্ঘটনার পর একপর্যায়ে নিজেই ‘চক্র’ থেকে তাকে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু পরিচালক তাকে বাদ দিতে রাজি হননি। পরিচালকের এই আস্থা ও সহযোগিতাকে নিজের জন্য বড় প্রেরণা হিসেবে দেখছেন অভিনেত্রী।
২০২৬ সালকে জীবনের অন্যতম কঠিন সময় উল্লেখ করে মেঘলা বলেন, এই বছর তাকে অনেক কিছু শিখিয়েছে। জীবনের অনেক কিছু হারানোর পাশাপাশি নিজেকেও নতুন করে চিনেছেন তিনি। কঠিন অভিজ্ঞতা তাকে আগের চেয়ে আরও শক্ত করেছে। বছরের শেষ মাসে পুরোনো কষ্ট পেছনে ফেলে নতুনভাবে সামনে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।

মন্তব্য করুন