অভিনেত্রী অপি করিমের অভিনয়ে মুগ্ধ ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়। শুধু প্রশংসাই নয়, ভবিষ্যতে অপি করিমের সঙ্গে একই সিনেমায় কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি।

একসময় নিয়মিত অভিনয় করলেও বর্তমানে বেছে বেছে পর্দায় দেখা যায় অপি করিমকে। তবে প্রতিবারই নিজের অভিনয়দক্ষতা দিয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়ান এই অভিনেত্রী। এবার তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হলেন ‘বেলাশেষে’খ্যাত শিবপ্রসাদ।

সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নেন অপি করিম। অনুষ্ঠানের সঞ্চালক রুম্মান রশীদ খানের কাছে পাঠানো এক ভয়েস বার্তায় শিবপ্রসাদ বাংলাদেশের অভিনয়শিল্পীদের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানান। তিনি বলেন, অভিনয়জীবনের শুরুতে বাংলাদেশের অভিনেত্রী শমী কায়সারের সঙ্গে ‘একটি নদীর নাম’ সিনেমায় কাজ করার সুযোগ হয়েছিল। সেই অভিজ্ঞতা তার কাছে ছিল বিশেষ আনন্দের।

পরবর্তী সময়ে বাংলাদেশের আরও সিনেমা ও নাটক দেখতে গিয়ে অপি করিমের অভিনয়ে মুগ্ধ হন শিবপ্রসাদ। বিশেষ করে ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় তার অভিনয় দেখে বিস্মিত হয়েছেন বলে জানান এই নির্মাতা। অপি করিমের অভিনয়ের পাশাপাশি তার বাংলা উচ্চারণেরও প্রশংসা করেন তিনি। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের তার কাছ থেকে বাংলা বলার দক্ষতা শেখার পরামর্শও দেন।

শিবপ্রসাদ আরও জানান, অপি করিমের স্বামী নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নির্ঝর তার প্রতিটি কাজের সময় নিয়মিত উৎসাহ দেন। ‘আহা’ সিনেমার নির্মাতা হিসেবে নির্ঝরের প্রতিও নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন তিনি।

ভয়েস বার্তার শেষ দিকে অপি করিমকে আরও বেশি কাজ করার আহ্বান জানিয়ে শিবপ্রসাদ বলেন, সুযোগ ও সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকলে দুজন একসঙ্গে কাজ করবেন। এমন একটি সিনেমায় অভিনয়ের জন্য তিনি আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন।

শিবপ্রসাদের এমন প্রশংসায় আপ্লুত অপি করিমও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, অপি করিমকে সর্বশেষ ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘উৎসব’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে। সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং ব্লকবাস্টার সাফল্য পায়।