বলিউডে পা রাখার পর প্রায় এক দশক পার করতে চলেছেন অভিনেত্রী ফাতিমা সানা শেখ। আর এই সময়েই পূর্ণ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিনেমা ‘দঙ্গল’-এর ১০ বছর। আমির খান অভিনীত এই সিনেমায় কাজ করেই রাতারাতি পরিচিতি পান ফাতিমা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘দঙ্গল’ শুধু তার ক্যারিয়ার নয়, পুরো জীবনই বদলে দিয়েছে।

‘দঙ্গল’-এ অভিনয়ের আগে বলিউডে তেমন পরিচিতি ছিল না ফাতিমার। চলচ্চিত্র অঙ্গনে কোনো পারিবারিক যোগাযোগও ছিল না তার। তবে সিনেমাটিতে অভিনয়ের পর বদলে যায় পরিস্থিতি। বাড়তে থাকে পরিচিতি, আসে নতুন কাজের সুযোগ এবং নিজের পছন্দ অনুযায়ী চরিত্র বেছে নেওয়ার স্বাধীনতা।

ফাতিমা বলেন, ‘এই সিনেমা আমাদের সবাইকে অনেক কিছু দিয়েছে, আমাকেও। আমি সুযোগ, স্বীকৃতি ও সম্মান পেয়েছি। এটি নিঃসন্দেহে আমার জীবন বদলে দিয়েছে।’

অভিনেত্রীর ভাষ্য, ‘দঙ্গল’-এর আগে তিনি তেমন কেউ ছিলেন না। কিন্তু সিনেমাটি মুক্তির পর এমন একটি অবস্থানে পৌঁছান, যেখানে নিজের পছন্দমতো কাজ করার সুযোগ তৈরি হয়। জীবনে এমন সুযোগ পাওয়ার জন্য সব সময় কৃতজ্ঞ থাকবেন বলেও জানান তিনি।

বলিউডে বহিরাগত হিসেবে নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ফাতিমা। তার মতে, প্রতিষ্ঠিত কোনো তারকার সঙ্গে পারিবারিক সম্পর্ক না থাকলেও এমন একটি চ্যালেঞ্জিং সিনেমায় অভিনয়ের সুযোগ পাওয়া ছিল বড় অর্জন। বিশেষ করে একজন নারী অভিনয়শিল্পীর জন্য শারীরিক ও মানসিকভাবে কঠিন এমন চরিত্র পাওয়া খুব একটা সহজ নয়।

ফাতিমা মনে করেন, ‘দঙ্গল’-এর মতো চরিত্র জীবনে একবারই আসে। সিনেমাটির প্রভাব এখনো তার জীবনে স্পষ্ট। মুক্তির প্রায় ১০ বছর পরও দর্শকদের কাছে সিনেমাটির আবেদন কমেনি। এমনকি অনেক পরিবার এখনো তাদের পাঁচ-ছয় বছর বয়সী সন্তানদের সিনেমাটি দেখান।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘দঙ্গল’ পরিচালনা করেন নিতেশ তিওয়ারি। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। ভারতের নারী কুস্তিগির গীতা ফোগাট ও ববিতা ফোগাটের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল।