ছবি: -সংগৃহীত
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে ঋণনির্ভর আখ্যা দিয়ে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বৈদেশিক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ ভবিষ্যতে আর্থিক শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় বলেন, বাজেটে মানবিক অর্থনীতি, ডিজিটাল অন্তর্ভুক্তি, যুব উন্নয়ন এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে এসব লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক কাঠামো এখনো যথেষ্ট শক্তিশালী নয়।
তার মতে, সরকারের অর্থনৈতিক নীতি ও সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক ভিত্তির দুর্বলতা একটি বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে বাজেটে বৈদেশিক ঋণের অংশ তুলনামূলক বেশি হওয়ায় দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক ব্যবস্থাপনায় চাপ তৈরি হতে পারে।
তিনি আরও বলেন, বিভিন্ন খাতে বড় অঙ্কের এককালীন বা থোক বরাদ্দ রাখা হয়েছে, যার কার্যকর ব্যবহার ও জবাবদিহি নিশ্চিত করা না গেলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা কঠিন হবে।
ড. দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, প্রস্তাবিত বাজেটের নীতিগত দিকগুলো ইতিবাচক হলেও এর সফলতা পুরোপুরি নির্ভর করবে বাস্তবায়ন সক্ষমতার ওপর। সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই হবে আগামী সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।