দেশজুড়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে আগামী তিন থেকে চার বছরের মধ্যে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।

রোববার সচিবালয়ে স্বাস্থ্য খাতে আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার চিকিৎসানির্ভর স্বাস্থ্যব্যবস্থার পরিবর্তে প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে চায়। এ লক্ষ্যে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট গঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা বৃদ্ধি এবং মা ও নবজাতকের সমন্বিত সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, প্রতিটি ইউনিয়ন ও শহুরে ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপন করা হবে। এসব কেন্দ্রে স্বাভাবিক প্রসবের সুবিধা থাকবে এবং অন্তত দুজন করে মিডওয়াইফ দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বর্তমানে ৩০ থেকে ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। সেখানে জটিল প্রসব ও নবজাতকের নিবিড় পরিচর্যাসহ পূর্ণাঙ্গ মাতৃস্বাস্থ্যসেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে সরকারি ব্যবস্থায় প্রায় আড়াই থেকে তিন হাজার মিডওয়াইফ কর্মরত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনের তুলনায় এ সংখ্যা অনেক কম। তাই আগামী এক বছরের মধ্যেই লক্ষ্যমাত্রার অন্তত এক-তৃতীয়াংশ মিডওয়াইফ নিয়োগের চেষ্টা করা হবে।

স্বাস্থ্যখাতের বিদ্যমান জনবল কাঠামো পুনর্গঠনের পরিকল্পনার কথাও জানান তিনি। স্বাস্থ্য অধিদপ্তর, পরিবার পরিকল্পনা বিভাগ এবং কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের মাঠপর্যায়ের কর্মীদের সমন্বয় করে ‘কমিউনিটি হেলথ ওয়ার্কার’ নামে একটি একক কাঠামো গড়ে তোলা হবে। তারা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা প্রদান করবেন।

তিনি জানান, বর্তমানে দেশে প্রায় ৪১ থেকে ৪২ হাজার স্বাস্থ্যকর্মী রয়েছেন। নতুন নিয়োগ সম্পন্ন হলে এই সংখ্যা প্রায় দেড় লাখে পৌঁছাবে।

কমিউনিটি ক্লিনিকগুলোকে বাতিল না করে বৃহত্তর স্বাস্থ্যসেবা নেটওয়ার্কের অংশ হিসেবে ‘স্বাস্থ্য হাব’-এ রূপান্তরের পরিকল্পনার কথাও জানান ড. জিয়াউদ্দিন। প্রতিটি ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য ইউনিটের অধীনে তিনটি করে স্বাস্থ্য হাব পরিচালিত হবে।

এ ছাড়া বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ অর্থায়নে প্রায় ৪৫ মিলিয়ন ডলারের একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা, নরসিংদী, সিরাজগঞ্জ, বগুড়া ও নোয়াখালী জেলায় পাইলট কার্যক্রম শুরু হবে।

তিনি আরও জানান, প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল স্বাস্থ্য কার্ড চালুর পরিকল্পনা রয়েছে। এই কার্ডে রোগীর চিকিৎসা-সংক্রান্ত তথ্য সংরক্ষিত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর হাসপাতালে রেফার করার সুবিধা থাকবে, যা স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।