ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে টানাপোড়েনের মধ্যেই নতুন কূটনৈতিক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন জি-২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রে দেখতে চান তিনি। এমনকি সম্মেলনে যোগ দিতে পুতিনকে কার্যত আমন্ত্রণও জানিয়েছেন ট্রাম্প।
বৃহস্পতিবার, ফ্লোরিডায় নিজের গলফ রিসোর্টে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানান, পুতিন সম্মেলনে আসবেন কি না, তা তিনি নিশ্চিত নন। তবে সিদ্ধান্তটি সম্পূর্ণ রুশ প্রেসিডেন্টের ওপর নির্ভর করছে। পুতিন চাইলে অবশ্যই যুক্তরাষ্ট্রে আসতে পারবেন। ট্রাম্প আরও বলেন, সম্মেলনে পুতিনকে উপস্থিত দেখতে তিনি ব্যক্তিগতভাবে আগ্রহী।
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়ার কথা জি-২০ জোটের সম্মেলন। তবে এতে পুতিন অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্রেমলিন।
এর আগে গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর পুতিন জানিয়েছিলেন, সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করবেন। তবে যুক্তরাষ্ট্র সফরের সিদ্ধান্ত নেওয়ার আগে রাশিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিও বিবেচনায় নিতে হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর চীনের শেনঝেনে এপিক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। ওই বৈঠকে পুতিনকে নিজের বন্ধু বলেও উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প রাশিয়াকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে সামরিক আগ্রাসন কমিয়ে আনার আহ্বান জানান। তার মতে, এতে ইউক্রেন যুদ্ধের দ্রুত সমাধানের পথ তৈরি হতে পারে।
এখন দেখার বিষয়, ট্রাম্পের এই আমন্ত্রণে সাড়া দিয়ে পুতিন শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে পা রাখেন কি না।

মন্তব্য করুন