মধ্যপ্রাচ্য ও আঞ্চলিক নিরাপত্তার সমীকরণে নতুন কী পরিবর্তন আসছে? পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে এবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে এই বৈঠক।
বৃহস্পতিবার পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে জানা গেছে, বৈঠকে যোগ দিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফরে আসছেন। শুক্রবার ও শনিবার, অর্থাৎ ২৭ ও ২৮ নভেম্বর এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশ একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। মক্কা প্যাক্ট নামে পরিচিত এই চুক্তির মূল লক্ষ্য পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা।

বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক তৎপরতা এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে এই চুক্তির গুরুত্ব বেড়েছে।

তিন দেশের এই জোটের সামরিক ও কৌশলগত গুরুত্বও বেশ তাৎপর্যপূর্ণ। ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী রয়েছে তুরস্কের। সৌদি আরব বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশ এবং ইসলামের পবিত্রতম দুই স্থানের অবস্থানও দেশটিতে। অন্যদিকে, পাকিস্তান বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।

বিশ্লেষকদের নজর এখন ইসলামাবাদের এই বৈঠকের দিকে। কারণ, প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে তিন দেশের পরবর্তী সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যসহ বৃহত্তর অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণে নতুন প্রভাব ফেলতে পারে।