জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর কবর থেকে মরদেহ উত্তোলনের যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল রানা বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আগের আদেশ প্রত্যাহার করেন।

এর আগে গত ২৪ মে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদ মরদেহ উত্তোলনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। সেই আবেদনের ভিত্তিতে আদালত কবর থেকে মরদেহ উত্তোলনের অনুমতি দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হলে সালমান শাহর মামা ও মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম ওই আদেশ বাতিলের আবেদন জানান।

আদালত মঙ্গলবার সেই আবেদন গ্রহণ করে মরদেহ উত্তোলনের পূর্বের আদেশ বাতিল করেন।

মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটনের বাসা থেকে অচেতন অবস্থায় সালমান শাহকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ সিলেটে হযরত শাহজালাল (র.) মাজার প্রাঙ্গণের কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তী সময়ে বিভিন্ন তদন্ত সংস্থা ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে প্রতিবেদন দিলেও মামলার বাদীপক্ষ দীর্ঘদিন ধরে হত্যার অভিযোগ তুলে আসছে।

সর্বশেষ আদালতের নির্দেশে মামলাটি হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়। এরপর গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় নতুন করে হত্যা মামলা দায়ের করেন বাদী মোহাম্মদ আলমগীর।

মামলায় সালমান শাহর স্ত্রী সামীরা হকসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকেও অভিযুক্ত করা হয়েছে।

বহুল আলোচিত এই মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।