আসন্ন আশুরা উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে সব ধরনের অস্ত্রসদৃশ সামগ্রী বহন, আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাজিয়া মিছিলে অতীতে কিছু অংশগ্রহণকারী দা, ছোরা, কাঁটা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠিসহ বিভিন্ন অস্ত্রসদৃশ সামগ্রী বহন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

ডিএমপি আরও জানায়, মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানোর প্রচলন থাকলেও তা ধর্মীয় শোক ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই তাজিয়া মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত এসব কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

পুলিশ জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালনের স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ডিএমপি।

পবিত্র মহররম মাসের ১০ তারিখ পালিত হয় আশুরা, যা মুসলিম বিশ্বের জন্য শোক ও তাৎপর্যের একটি গুরুত্বপূর্ণ দিন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এ উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়ে থাকে।