ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ বিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় সভাপতিত্ব করেন তিনি। সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণও সমান গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
সভায় সিদ্ধান্ত হয়, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী ও সমন্বিত করতে মাঠপর্যায়ে তদারকির জন্য প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে একটি টাস্কফোর্স গঠন করা হবে। এই টাস্কফোর্স মাঠপর্যায়ের কার্যক্রম মনিটরিং, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জরুরি পদক্ষেপ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।
জাতীয় কমিটির বৈঠকে ডেঙ্গু নিয়ন্ত্রণে বেশ কিছু কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে—সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ প্রচারণা, স্থানীয় প্রশাসন ও নাগরিক সমাজের সমন্বয়ে পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন কার্যক্রমের মান নিয়ন্ত্রণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংসে অভিযান এবং নির্মাণাধীন ভবন, ছাদবাগান, টায়ারের দোকান ও জলাবদ্ধ এলাকায় নিয়মিত পরিদর্শন।
এছাড়া গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচার জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের তথ্য বিশ্লেষণের মাধ্যমে প্রতিরোধমূলক কার্যক্রম আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউক এবং স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন