প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমানের দিল্লি সফর ও পরে ঢাকায় ফিরে আসা নিয়ে তৈরি হওয়া বিতর্কে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্টে এবং সার্ক ভিসা নিয়ে দিল্লিতে যান। বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় এবং যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
তিনি বলেন, পরবর্তী পর্যায়ে প্রয়োজনীয় যাচাইয়ের পর তাকে নির্ধারিত সম্মেলনে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত তিনি ওই অনুষ্ঠান বর্জন করে নিজ উদ্যোগে ঢাকায় ফিরে যান।
এর আগে বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। বাংলাদেশ পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, দিল্লি বিমানবন্দরে তাকে দীর্ঘ সময় অপেক্ষায় রাখা হয় এবং সে ঘটনার প্রতিবাদ জানানো হয়।
ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্রও প্রদান করে।

মন্তব্য করুন