জাতীয় সংসদের কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, রাষ্ট্রীয় কোনো কাজই সংসদ অধিবেশনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নয়। সংসদই দেশের সর্বোচ্চ নীতিনির্ধারণী ও জবাবদিহিমূলক প্ল্যাটফর্ম।

মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের বাজেট আলোচনায় মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে স্পিকার এ মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সংসদে গুরুত্বপূর্ণ আলোচনার সময় সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, মন্ত্রণালয়-সংশ্লিষ্ট আলোচনার সময় দায়িত্বশীল মন্ত্রীদের উপস্থিত থাকা জরুরি, যাতে তারা সরাসরি আলোচনা শুনে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

জবাবে স্পিকার বলেন, সংসদ অধিবেশনের সময় মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজেট অধিবেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রীদের অংশগ্রহণ থাকা উচিত, যাতে সংসদ সদস্যদের উত্থাপিত বিষয়গুলো সরাসরি শোনা ও যথাযথভাবে সমাধানের উদ্যোগ নেওয়া যায়।

তিনি আরও বলেন, সংসদে শৃঙ্খলা রক্ষা করা সবার দায়িত্ব। অধিবেশন চলাকালে অপ্রাসঙ্গিক আলোচনা, দলবদ্ধভাবে আলাদা বৈঠকের মতো আচরণ এবং আসন ত্যাগ করে ঘোরাফেরা সংসদের মর্যাদা ক্ষুণ্ন করে। এসব বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।

স্পিকার সতর্ক করে বলেন, সংসদের কার্যক্রমের বাইরে কোনো রাষ্ট্রীয় কাজকে অগ্রাধিকার দেওয়া উচিত নয়। সংসদীয় কার্যক্রমই রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দু, তাই এটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।