নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করেছে। ফলে ওই ব্যক্তিরা বর্তমানে দুই দেশের সীমান্তবর্তী শূন্যরেখায় অবস্থান করছেন।
বুধবার (২৪ জুন) সকালে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৪টার দিকে নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি (বিওপি) এলাকায় ভারতের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী এবং তিনজন শিশু রয়েছে।
খবর পেয়ে আদাতলা বিওপির বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, খবর পাওয়ার পর সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধভাবে কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না।
এর আগে গত ৫ ও ৮ জুন নওগাঁর পোরশা ও সাপাহার সীমান্ত দিয়ে আরও ৪০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় বিজিবির কঠোর অবস্থান এবং স্থানীয়দের সতর্কতার কারণে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।

মন্তব্য করুন