https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং।
বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে অনুষ্ঠিত বৈঠকে লিউ হাইশিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক চীন সফরের কথা স্মরণ করেন।
বৈঠকে তিনি বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) কথা উল্লেখ করে দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন। গণমাধ্যম, থিংক ট্যাংক, জনগণের পারস্পরিক যোগাযোগ এবং জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনার কথাও তুলে ধরেন তিনি।
লিউ হাইশিং বলেন, চীন বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের দৃঢ় সমর্থক এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আগ্রহী।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা কামনা করেন। তিনি দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ-চীন সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।