বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার চীনের রাজধানী বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে এটিই প্রথম আনুষ্ঠানিক সমঝোতা স্মারক।