আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে নরওয়ে। ঐতিহাসিক এই সাফল্যের পর ড্রেসিংরুম থেকেই ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তির উদ্দেশে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন নরওয়ের কোচ স্তালে সোলবাকেন। আগামী রোববার নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।
ম্যাচ শেষে ফুটবলারদের উদ্দেশে সোলবাকেন বলেন, তোমরা আজ ইতিহাস সৃষ্টি করেছ। ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে নরওয়েবাসীকে গর্বিত করেছ।’ বক্তব্যের শেষদিকে তিনি সরাসরি আনচেলত্তিকে উদ্দেশ করে বলেন, ‘কার্লো আনচেলত্তি, অপেক্ষা করো। আমরা আসছি।
পরিসংখ্যানও নরওয়ের আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আন্তর্জাতিক ফুটবলে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হলেও ব্রাজিল কখনো নরওয়েকে হারাতে পারেনি। চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে নরওয়ে, বাকি দুটি ড্র হয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালের বিশ্বকাপে নরওয়ে ২-১ গোলে ব্রাজিলকে হারিয়েছিল।
দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ডও অতীতের সেই ইতিহাস স্মরণ করে বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ম্যাচের গল্প শুনে বড় হয়েছি। এবার আমাদের সামনে সেই সুযোগ এসেছে। বিশ্বকাপে ব্রাজিলের মুখোমুখি হওয়ার চেয়ে বড় চ্যালেঞ্জ আর হতে পারে না। ফুটবলে যেকোনো কিছুই সম্ভব।’
তবে সতীর্থদের আত্মবিশ্বাসী মন্তব্যের বিপরীতে সতর্ক অবস্থান নিয়েছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, জয়ের সম্ভাবনা খুবই ক্ষীণ।

মন্তব্য করুন