গ্রুপ পর্বে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ মায়ামির হার্ড রক স্টেডিয়ামে নকআউট পর্বে ‘চমক’ দেখানো কেপ ভার্দের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশ চূড়ান্ত করতে গিয়ে তিনটি পজিশন নিয়ে দোটানায় রয়েছেন কোচ স্কালোনি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে ৯টি পরিবর্তন এনে বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দিয়েছিলেন তিনি। তবে নকআউট পর্বে আবারও মূল একাদশে ফিরছেন অধিনায়ক লিওনেল মেসিসহ নিয়মিতরা। একই সঙ্গে দল ফিরছে পরিচিত ৪-৪-২ ফরমেশনে।

প্রথম অনিশ্চয়তা বাঁ-প্রান্তের রক্ষণভাগে। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলাস তাগলিয়াফিকো। তবে তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনার ধারাবাহিক ভালো পারফরম্যান্স স্কালোনির সিদ্ধান্তকে কঠিন করে তুলেছে।

দ্বিতীয় প্রশ্ন সেন্টার-ব্যাকে। হাঁটুর চোট থেকে পুরোপুরি সেরে না উঠলে ক্রিস্টিয়ান রোমেরোর জায়গায় লিসান্দ্রো মার্টিনেজের সঙ্গে খেলতে পারেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি।

সবচেয়ে বড় লড়াই অবশ্য আক্রমণভাগে। জর্ডানের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাসী লাউতারো মার্টিনেজ এগিয়ে থাকলেও হুলিয়ান আলভারেজও সমানভাবে বিবেচনায় রয়েছেন। শেষ মুহূর্তে এ পজিশনেই সিদ্ধান্ত নিতে হবে স্কালোনিকে।

তবে গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্ডার নাহুয়েল মলিনা এবং মিডফিল্ডার রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদার জায়গা প্রায় নিশ্চিত।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি ও লাউতারো মার্টিনেজ/হুলিয়ান আলভারেজ।