সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ সচিবালয় থেকে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ জানান, গাজী নজরুল ইসলামের বিষয়ে স্পিকারের কাছ থেকে এখনো কোনো চিঠি পায়নি ইসি। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় প্যাডে চিঠি দিয়ে জানিয়েছে, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ওই চিঠির ভিত্তিতে ইসির সরাসরি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।

ইসি সচিব বলেন, নির্বাচন কমিশনের মূল দায়িত্ব নির্বাচন ব্যবস্থাপনা। সংসদ সদস্যের শপথ ও পরবর্তী বিষয়গুলো জাতীয় সংসদ সচিবালয়ের এখতিয়ার। তাই সংসদ সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি এলে সেটি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, গাজী নজরুলের বিষয়ে পত্রিকায় সংসদ সচিবালয়ের সম্মতির প্রসঙ্গ এসেছে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের কোনো দায়িত্ব আছে বলে তিনি মনে করেন না।

এর আগে জুলাইয়ে জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার উদ্যোগ নিতে স্পিকার ও প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিল।

সম্প্রতি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় করা মামলায় আদালত তাকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন।