বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে পূর্ণ দায়িত্ব গ্রহণ করায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানিয়েছে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা—আইকাও।

১৬ সেপ্টেম্বর পাঠানো এক চিঠিতে আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট তোশিয়ুকি ওনুমা এবং মহাসচিব হুয়ান কার্লোস সালাজার নতুন দায়িত্বের জন্য বিমানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

চিঠিতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাওয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়। সংস্থাটির শীর্ষ দুই কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের আরও উন্নয়ন এবং এ খাতের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে আইকাওয়ের সহযোগিতা অব্যাহত থাকবে।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মান ও সুপারিশকৃত বিধিমালা প্রণয়ন এবং সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিমান চলাচল খাতের উন্নয়নে আইকাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বাংলাদেশের বিমানবন্দর অবকাঠামোর আধুনিকায়ন, বেসামরিক বিমান চলাচলের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা জোরদারের ক্ষেত্রেও আইকাওয়ের সহযোগিতা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চিঠির শেষে বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নতুন দায়িত্বে সর্বাত্মক সাফল্য কামনা করেন আইকাও কাউন্সিলের প্রেসিডেন্ট ও মহাসচিব।