দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’-তে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। সিনেমাটিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে রজনীকান্ত ও বিদ্যা বালানকে।
সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত টিজারে বিদ্যার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। এতে ‘কান্তা’ চরিত্রে দেখা গেছে তাকে। নীল শাড়ি পরে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখা যায় বিদ্যাকে। এরপর দৃঢ় দৃষ্টিতে তাকিয়ে সংলাপ দেওয়ার দৃশ্যও রয়েছে টিজারে।
বিদ্যার এই লুক প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ছোট চুল, ব্যাকলেস ব্লাউজ ও হাতে সিগারেট—নতুন এই অবতারে অভিনেত্রীকে দেখে প্রশংসা করছেন অনেকে। কেউ কেউ বলছেন, তার উপস্থিতি সিনেমাটিতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘জেলার’ সিনেমায় রজনীকান্তের অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সেই সাফল্যের পর এবার এর দ্বিতীয় কিস্তি নির্মাণ করছেন নেলসন দিলীপকুমার।
‘জেলার ২’-তে রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অভিনয় করছেন রাম্য কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী ও এস জে সুরিয়া। পাশাপাশি অতিথি চরিত্রে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন ও বিজয় সেথুপতিকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

মন্তব্য করুন