ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংকারদের একদল কর্মী। একই সঙ্গে সচিবালয়ে বিক্ষোভকারীদের ওপর হামলার প্রতিবাদও জানান তারা।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া মডেল মসজিদের সামনে মহাসড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম ও কক্সবাজারমুখী যাত্রী এবং চালকেরা।
স্থানীয় সূত্র জানায়, দুপুর ১টা ১০ মিনিটের দিকে অবরোধ শুরু করেন আন্দোলনকারীরা। এতে পটিয়া অংশে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পরে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায় পটিয়া থানা-পুলিশ।
পুলিশ আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের দাবির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয়। এরপর তারা অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক থেকে সরে যান। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর আড়াইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংক থেকে ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের কাউকে হয়রানি বা বৈষম্যের শিকার না করে আগের পদে পুনর্বহাল করতে হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
কর্মসূচিতে অংশ নেওয়া মো. মাশরাফ বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল করে দ্রুত কর্মস্থলে ফিরিয়ে দিতে হবে। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান তারা।
আরেক আন্দোলনকারী মো. তৌকির বলেন, চাকরিচ্যুত ব্যাংকারদের বিষয়ে দ্রুত সমাধান না হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে এবং আন্দোলনকারীদের সড়ক থেকে সরে যাওয়ার জন্য বোঝায়। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ প্রত্যাহার করেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন