স্পেনকে রুখে দিয়ে এবারের বিশ্বকাপে অন্যতম চমক হয়ে উঠেছে কেপ ভার্দে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে দুর্দান্ত গোলকিপিংয়ে আলোচনায় উঠে এসেছেন দলটির অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। এবার তার সামনে আরও বড় পরীক্ষা—আর্জেন্টিনা ও লিওনেল মেসির আক্রমণভাগ।

শনিবার (বাংলাদেশ সময়) ভোর ৪টায় বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ম্যাচটিতে ভোজিনহার পারফরম্যান্সের দিকেই থাকবে বিশেষ নজর।

গ্রুপ পর্বে তিন ম্যাচে দুটি ক্লিনশিট রেখেছেন ভোজিনহা। স্পেনের বিপক্ষে সাতটি এবং সৌদি আরবের বিপক্ষে তিনটি সেভ করেন তিনি। উরুগুয়ের বিপক্ষে দুটি গোল হজম করলেও ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র হয়। সব মিলিয়ে গ্রুপ পর্বে তার সেভের সংখ্যা ১০।

অন্যদিকে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও দুটি ক্লিনশিট রেখেছেন। তবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে তাকে খুব বেশি পরীক্ষার মুখে পড়তে হয়নি। তিন ম্যাচে প্রতিপক্ষের মাত্র দুটি শট অন টার্গেট মোকাবিলা করেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে একটি সেভ করেন, আর জর্ডানের বিপক্ষে একটি গোল হজম করেন।

এবারের ম্যাচে আর্জেন্টিনার শক্তিশালী আক্রমণভাগের সামনে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভোজিনহার জন্য। স্পেনের বিপক্ষে যেভাবে তিনি দলের রক্ষাকবচ হয়ে উঠেছিলেন, মেসি-লাউতারোদের সামনেও সেই দৃঢ়তা ধরে রাখতে পারলে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসতে পারেন এই কেপ ভার্দিয়ান গোলরক্ষক।