মিশরের ডিফেন্ডার মোহামেদ হানি ২০২৬ বিশ্বকাপে এমন এক রেকর্ড গড়েছেন, যা কোনো ফুটবলারেরই কাম্য নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে আত্মঘাতী গোল করে তিনি বিশ্বকাপের ইতিহাসে এক আসরে দুইবার নিজের জালে বল জড়ানো প্রথম ফুটবলার হিসেবে নাম লেখালেন।
শুক্রবার অনুষ্ঠিত ম্যাচের ৫৫তম মিনিটে অস্ট্রেলিয়ার একটি ফ্রি-কিক থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে হেড দেন হানি। কিন্তু বল প্রতিপক্ষের জালে না গিয়ে ঢুকে পড়ে মিশরের জালে। সেই আত্মঘাতী গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।
এর আগেও গ্রুপ পর্বে বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে আত্মঘাতী গোল করেছিলেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। ফলে একই বিশ্বকাপে দুইবার আত্মঘাতী গোল করে বিশ্বকাপের ইতিহাসে অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছেন তিনি।
বিশ্বকাপের ইতিহাসে এর আগে আরও ৬৫ জন ফুটবলার আত্মঘাতী গোল করেছেন। তবে তাদের কেউই একাধিকবার নিজের জালে বল জড়াননি। সেই তালিকায় এখন একমাত্র ব্যতিক্রম মোহামেদ হানি।
হানির এই আত্মঘাতী গোল ২০২৬ বিশ্বকাপকেও এনে দিয়েছে নতুন একটি রেকর্ড। চলতি আসরে এখন পর্যন্ত আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৪টিতে, যা বিশ্বকাপের একক কোনো আসরের সর্বোচ্চ। এর আগে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সর্বোচ্চ ১২টি আত্মঘাতী গোলের রেকর্ড ছিল।


মন্তব্য করুন