অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, শিগগিরই সরকারের সঙ্গে আলোচনা শেষে নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত সিইসি বলেন, অক্টোবরকে লক্ষ্য করেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। সরকারের সঙ্গে দ্রুত আলোচনা শেষে নির্বাচনের সময়সূচি ও অন্যান্য বিষয় চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আব্দুর রহমানেল মাছউদ জানান, বর্তমানে সিটি করপোরেশনগুলোতে প্রশাসকদের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের সূচনা ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে হতে পারে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা, ইসির সিনিয়র সচিব আখতারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইকরাম উদ দৌলা।