রাজশাহীতে পল্লী বিদ্যুৎ সমিতির একটি উপকেন্দ্রে পেট্রোল বোমা নিক্ষেপ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায় এবং বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে জেলার পবা উপজেলার পারিলা ইউনিয়নের খড়খড়ি এলাকায় পল্লী বিদ্যুৎ সমিতির পবা-২ উপকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

পল্লী বিদ্যুৎ কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত উপকেন্দ্রে ঢুকে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। একটি ট্রান্সফরমারে আগুন ধরে গেলে দায়িত্বে থাকা কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রান্সফরমারটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে চারটি অবিস্ফোরিত পেট্রোল বোমাও পাওয়া যায়।

পল্লী বিদ্যুৎ কর্মীরা জানান, এর আগের দিনও একই উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছিল। পরপর দুই দিনের হামলায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। নিরাপত্তা জোরদার করা হলেও দুর্বৃত্তদের হামলা ঠেকানো সম্ভব হয়নি।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, হামলার সময় নিরাপত্তার দায়িত্বে কর্মীরা ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

মতিহার থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

পরপর দুই দিনের এমন হামলায় বিদ্যুৎ উপকেন্দ্রের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।