কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনায় পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার বিল্লাল হোসেন (৪৫), খুরশেদ (৬০) এবং পিকআপচালক খোকন (৩৯)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুভর্তি একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালকসহ সামনের আসনে থাকা তিনজন ঘটনাস্থলেই নিহত হন। পিকআপের পেছনে থাকা আরও দুজন গুরুতর আহত হন।
দুর্ঘটনায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পিকআপে থাকা ছোট-বড় মিলিয়ে ছয়টি গরুও মারা যায়।
পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করেন এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

মন্তব্য করুন