রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক বিক্রির কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে তিনি জানান, আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ প্রশাসকের অধীনেই পরিচালিত হবে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

টেলিটক প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরটিকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করা। তিনি বলেন, ‘আমরা টেলিটক বিক্রি করব না, বরং এটিকে আরও সক্ষম করে তুলব। প্রতিযোগিতামূলক বাজারে রাষ্ট্রীয় অপারেটরের উপস্থিতি গুরুত্বপূর্ণ। এটি না থাকলে বেসরকারি অপারেটররা বাজারে একচ্ছত্র প্রভাব বিস্তার করতে পারে।’

সম্প্রতি বেসরকারি মোবাইল অপারেটর বাংলালিংকের মূল কোম্পানি ভিওন টেলিটক ও বিটিসিএলের সঙ্গে অংশীদারত্বের আগ্রহ প্রকাশ করে। একই সঙ্গে টেলিটককে বাংলালিংকের সঙ্গে একীভূত করা এবং ‘নগদ’-এ বিনিয়োগ বা প্রতিষ্ঠানটি অধিগ্রহণের প্রস্তাবও দেয়। এসব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সরকারের অবস্থান স্পষ্ট করেন।

‘নগদ’ প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, প্রতিষ্ঠানটি নিয়ে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান থাকায় আপাতত বিক্রি বা মালিকানা হস্তান্তরের কোনো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। মামলা নিষ্পত্তির পর পরিস্থিতি বিবেচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে। ততদিন পর্যন্ত প্রশাসকের তত্ত্বাবধানেই ‘নগদ’-এর কার্যক্রম পরিচালিত হবে।

নগদ থেকে অতীতে অর্থ আত্মসাতের অভিযোগ এবং সেই অর্থ উদ্ধারের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিষয়টি বর্তমানে দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করছে। তিনি মন্তব্য করেন, মানুষের হাত থেকে একবার অর্থ বেরিয়ে গেলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন হলেও এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।