তিস্তা মহাপরিকল্পনার আওতায় ১১০ কিলোমিটার নদীশাসন, ১১০ কিলোমিটার ড্রেজিং, ২২৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ, ৬৭টি গ্রোয়েন ও স্পার নির্মাণ ও সংস্কার এবং ১৭০ বর্গকিলোমিটার ভূমি পুনরুদ্ধারের প্রস্তাব করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজীর প্রশ্নের লিখিত জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
পানিসম্পদমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, কৃষি ও সেচ ব্যবস্থার জন্য তিস্তা নদী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে উজানে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কারণে শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ উল্লেখযোগ্যভাবে কমে যায়, যা তিস্তা সেচ প্রকল্পসহ কৃষি কার্যক্রমে বিরূপ প্রভাব ফেলে। অন্যদিকে বর্ষাকালে উজানের অতিবৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও নদীভাঙন দেখা দেয়।
তিনি জানান, তিস্তা অববাহিকার রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলায় নদীভাঙন প্রতিরোধে ২০২৪–২৫ এবং ২০২৫–২৬ অর্থবছরে ২২২ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৪২ দশমিক ১৭ কিলোমিটার নদীতীর সংরক্ষণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
মন্ত্রী বলেন, তিস্তা নদীকেন্দ্রিক সমন্বিত ও টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের জন্য পরিচালিত সমীক্ষা শেষ হয়েছে। সমীক্ষা প্রতিবেদনে নদীশাসন ও ড্রেজিংয়ের পাশাপাশি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং বাঁধের ওপর সড়ক নির্মাণ, গ্রোয়েন ও স্পার নির্মাণ ও মেরামত এবং ব্যাপক ভূমি পুনরুদ্ধারের সুপারিশ করা হয়েছে।
তিনি আরও জানান, সমীক্ষার কারিগরি ও আর্থিক দিকগুলো বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যালোচনায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচ সুবিধা বৃদ্ধি, কৃষি উৎপাদন ও ফসলের বহুমুখীকরণ, নদীতীরবর্তী অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস, নৌযোগাযোগের উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সমীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন