২০২৬ বিশ্বকাপের ফাইনাল পরিচালনার সম্ভাব্য রেফারিদের তালিকায় রয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ রেফারি মাইকেল অলিভার। তবে আর্জেন্টিনা যদি ফাইনালে জায়গা করে নেয়, তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এর পেছনে রয়েছে ফিফার দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতি। ১৯৮২ সালের ফকল্যান্ডস যুদ্ধের ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় আর্জেন্টিনা এবং ইংল্যান্ড সংশ্লিষ্ট ম্যাচে দুই দেশের রেফারিদের দায়িত্ব না দেওয়ার প্রচলিত নীতি অনুসরণ করে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ—যা আর্জেন্টিনায় ‘মালভিনাস’ নামে পরিচিত—নিয়ে ১৯৮২ সালে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে যুদ্ধ হয়। ওই সংঘাতে আর্জেন্টিনার ৬৪৯ জন সেনাসদস্য নিহত হন। চার দশকের বেশি সময় পেরিয়ে গেলেও বিষয়টি এখনো দুই দেশের মধ্যে অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক ইস্যু হিসেবে বিবেচিত হয়।

সে কারণেই আর্জেন্টিনা যদি বিশ্বকাপের ফাইনালে ওঠে, তাহলে ইংল্যান্ডের রেফারি হিসেবে মাইকেল অলিভারকে ফাইনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হবে না। একইভাবে ইংল্যান্ডের ম্যাচেও আর্জেন্টিনার কোনো রেফারিকে দায়িত্ব দেওয়া হয় না।

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপেও একই কারণে ফাইনাল পরিচালনার সুযোগ হারান ইংল্যান্ডের আরেক অভিজ্ঞ রেফারি অ্যান্থনি টেলর। আর্জেন্টিনা ফাইনালে ওঠায় তাকে সেই ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি।

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে ছয়টি ম্যাচ পরিচালনা করেছেন ৪১ বছর বয়সী অলিভার। স্পেন ও বেলজিয়ামের কোয়ার্টার ফাইনাল পরিচালনা করলে তার ম্যাচসংখ্যা দাঁড়াবে সাতে, যা বিশ্বকাপে কোনো ইংলিশ রেফারির সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ড হবে।

এদিকে মিসরের বিপক্ষে নাটকীয় ৩-২ গোলের জয়ের পর আর্জেন্টিনার উদযাপনও আলোচনায় এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ড্রেসিংরুমে উদযাপনের সময় ফুটবলারদের গাওয়া একটি গানে ‘মালভিনাস’ বা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রসঙ্গ উঠে আসে।

চলতি বিশ্বকাপে রেফারিং নিয়েও একাধিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষ করে মিসরের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার পক্ষে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিসরের প্রধান কোচ হোসাম হাসান। ম্যাচ শেষে তিনি বলেন, তার দল আর্জেন্টিনার চেয়ে ভালো খেলেছে, কিন্তু রেফারির কিছু সিদ্ধান্ত ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছে বলে তার বিশ্বাস।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে লাল কার্ড দেখানোর পরও শেষ ষোলোর ম্যাচে খেলার অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ফুটবল অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।