https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থায়ী উত্তরণ নিশ্চিত করতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি৭৭)।
শুক্রবার ঢাকায় প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত পৃথক দুটি বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের প্রধান রাষ্ট্রদূত স্তাভরস লামব্রিনিদিস এবং জি৭৭ ও চীনের চেয়ারম্যান ও জাতিসংঘে উরুগুয়ের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত লরা দুপুই লাসেরে বাংলাদেশের এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল আরও তিন বছর বাড়ানোর জন্য বাংলাদেশের অনুরোধের যৌক্তিকতা তুলে ধরেন। তিনি বলেন, দেশ বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও জ্বালানি সংকটের মধ্যে কাঠামোগত সংস্কার কার্যক্রম সুসংহত করতে বাড়তি সময় প্রয়োজন।
তিনি সুশাসন জোরদার, আর্থিক খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, দেশীয় সম্পদ আহরণ বৃদ্ধি এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।
ইইউ বাংলাদেশের সুশাসন ও টেকসই উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রশংসা করে এলডিসি উত্তরণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেয়। একই সঙ্গে বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরুকে স্বাগত জানায়।
জি৭৭ বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর যুক্তিকে শক্তিশালী উল্লেখ করে এ বিষয়ে সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয়। পাশাপাশি বাংলাদেশের উত্তরণ কৌশল নিয়ে জি৭৭ভুক্ত দেশগুলোর জন্য পৃথক ব্রিফিং আয়োজনের প্রস্তাব দেয়।
বৈঠক শেষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী জানান, বাংলাদেশের মসৃণ, টেকসই ও অপরিবর্তনীয় এলডিসি উত্তরণে ইইউ তাদের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।