https://timenewsbangla.com

ছবি: -সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে প্রফেসর এমাজ উদ্দিন আহমেদ রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি।
মির্জা ফখরুল বলেন, বিরোধী দল থেকে বলা হচ্ছে, সংসদে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় না হলে রাজপথে ফয়সালা হবে। জনগণকে বিভ্রান্ত করতেই এমন প্রশ্ন তোলা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরকারী সব দলই একসঙ্গে আন্দোলন করেছে। সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে তারা অঙ্গীকারবদ্ধ।
গণভোট প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণভোটের একটি অংশ নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি। উচ্চকক্ষে আনুপাতিক হারে প্রতিনিধিত্বের বিষয়েও তারা একমত ছিলেন না। এ বিষয়ে তিনি আগেও আপত্তি জানিয়েছিলেন বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদের বইয়ে উল্লেখ রয়েছে, নির্বাচিত সরকার তাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এটি বাস্তবায়ন করবে। বিএনপি যেমন ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ, তেমনি জুলাই সনদ বাস্তবায়নেও প্রতিশ্রুতিবদ্ধ।
তবে তিনি অভিযোগ করেন, বিরোধী দল বিএনপির অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে এবং বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না—এমন প্রচারণা সঠিক নয়।